The Sangbad · সাধারণ
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, চার দিনেও আটক হয়নি শরিফুল
২২/১০/২০২৬

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সারাতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের চাঞ্চল্যকর ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্ত শরিফুল ইসলাম (২৭)। পুলিশ বলছে, তাঁকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।অভিযুক্ত শরিফুল ইসলাম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের ইউসুফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা স্থানীয় যুবদলের কর্মী। শরিফুল নিজেকে ছাত্রদলের কর্মী দাবি করলেও দলের কোনো কমিটিতে তার কোনো পদ-পদবি নেই। বাবার রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় নানা অপকর্ম করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের।এ প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, গত ১৯ অক্টোবর বিকেলে প্রকাশ্যে হাতে পিস্তল নিয়ে লোকজনকে হুমকি দিতে দিতে হেঁটে যাচ্ছেন শরিফুল। এ সময় আশপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কজনকে তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। কখনো হাতে অস্ত্র আবার কখনো পকেটে তা ঢুকাচ্ছিলেন তিনি।স্থানীয়দের অভিযোগ, এলাকায় ত্রাস সৃষ্টি ও নিজেদের আধিপত্য বিস্তার করতেই শরিফুল প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেন। জনবহুল বাজারে এমন সশস্ত্র মহড়ায় সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতা ও ভীতি তৈরি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির চার দিন পরও গেলেও পুলিশ তাকে আটক করতে পারেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ‘এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। অভিযুক্ত শরিফুলকে আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে কাজ করছে। অভিযান অব্যাহত রয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗