চোরাই রাবার উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভুজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আজগর ছালেহি।
গত ২২ অক্টোবর ভুজপুর থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর চট্টগ্রাম নগরের পাচলাইশ এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় সাড়ে চার হাজার কেজি চোরাই রাবার উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনায় ভুজপুর থানায় মামলা হয়। ওই ঘটনার সংবাদ তিনি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে প্রকাশ করেন।
জিডিতে বলা হয়, সংবাদ প্রকাশের পর গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ১২ মিনিট ও ১০টা ১৪ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। ফোনে তাঁকে তুলে নিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিক আজগর ছালেহি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, হুমকিদাতা নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন।
সাংবাদিক আজগর ছালেহি বলেন, হুমকির ঘটনায় তিনি নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি তাঁর স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষেত্রকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক আজগর ছালেহি একটি জিডি করেছেন। অডিও রেকর্ড ও সিডিআর যাচাই-বাছাই করে হত্যার হুমকির বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
