সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট মোকামবাড়ি সংলগ্ন ভবের বোন এলাকায় এবং বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে একটিতে পর্যটকবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অন্যটিতে সংঘর্ষ হয় দুটি প্রাইভেটকারের।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ১৫ থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
প্রাইভেটকারের সংঘর্ষে নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে বলে জানা গেছে। বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে জাফলং ও সিলেটের দিক থেকে আসা দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলিফের মৃত্যু হয়।
অন্যদিকে, ফেরিঘাট মোকামবাড়ি সংলগ্ন ভবের বোন এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী ও চালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় জড়িত বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১৮৪৯ এবং ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৭৫০১।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমূল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাস-ট্রাকের সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
