সিরিজের শেষ ম্যাচে এসে ঘুড়ে দাঁড়াল শ্রীলঙ্কা। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। শেষ ম্যাচে জয় পেলেও আগেই প্রথম দুই ম্যাচ জেতায় ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
বিজ্ঞাপন
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুতেই লঙ্কান পেসার এশান মালিঙ্গার জোড়া আঘাতে বিপাকে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লের মধ্যে ওপেনার ফখর জামান ও শূন্য রানে সাজঘরে ফেরেন মাআজ সাদাকাত। এরপর বিজয়কান্ত ও অধিনায়ক দাসুন শানাকার বোলিং তোপে একপর্যায়ে ১০২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক লড়াকু ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। ৪৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৬ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষ দিকে আরাফাত মিনহাসের মারমুখী ব্যাটিংয়ে ভর করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আরাফাত মাত্র ২০ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে নুয়ান তুষারা জোড়া আঘাত হানলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।
জবাবে ১৬৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে সেই চাপ সামলে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন কুশল মেন্ডিস ও সিনেথ জয়াবর্ধনে (৩৮)। জয়াবর্ধনে আউট হওয়ার পর উইকেটে আসেন কামিন্দু মেন্ডিস।
এরপর উইকেটে রাজত্ব করেন কুশল ও কামিন্দু। অবিচ্ছিন্ন থেকে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মাত্র ৪৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে হার না মানা ৮৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে ম্যাচসেরা হন কুশল মেন্ডিস। তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৭ বলে অপরাজিত ৪০ রান করেন কামিন্দু মেন্ডিস। ফলে ১৭.১ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে বড় জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৬৮/৮, ২০ ওভার (সাহিবজাদা ৭৬, আরাফাত ৩৪*; শানাকা ২/২১, তুষারা ২/৩৮ ও মালিঙ্গা ২/৩৮)।
শ্রীলঙ্কা: ১৭২/২, ১৭.১ ওভার (কুশল ৮৭*, কামিন্দু ৪০*, জয়াবর্ধনে ৩৮; আরাফাত ১/২৬।
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।
সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: কুশল মেন্ডিস।
সিরিজ সেরা: সাহিবজাদা ফারহান।
