কালবেলা · আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ
১৭/১০/২০২৬

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবারের (১৬ অক্টোবর) এসব হামলায় দুটি বিপণিবিতান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর রয়টার্সের।
পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় রুশ হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এ তথ্য জানিয়েছেন। এর আগে তিনি নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছিলেন।
কর্মকর্তারা জানান, সন্ধ্যা পর্যন্ত রাশিয়ার আরও হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাশিয়ার হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর মেরামতকারী দলগুলো ১০ লাখের বেশি মানুষের সংযোগ পুনরায় চালু করেছে। তবে এখনো কত মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন, তা স্পষ্ট নয়।
পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর রোমান রোমানিউক। তিনি জানান, শুক্রবার সকালে ওই অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার মানুষ সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে তাদের মধ্যে এক লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়।
ভোলিনের আঞ্চলিক রাজধানী লুৎস্কে বিদ্যুৎবিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে ফেসবুকে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমভস্কি।
রোমানিউক আরও জানান, দিনভর ড্রোন হামলা অব্যাহত ছিল। কিয়েভ থেকে পোল্যান্ডগামী গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে অবস্থিত কোভেল শহরে একটি শুল্ক টার্মিনালে হামলা চালানো হয়। এতে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় অন্তত দুটি বিপণিবিতানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি উত্তরাঞ্চলীয় শহর সুমি এবং অন্যটি পাশের রিভনে অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিপণিবিতান ও বাজারে রাশিয়ার হামলার ধারাবাহিকতায় এসব ঘটনা ঘটল।
সুমিতে জরুরি সেবাকর্মীদের প্রকাশ করা ছবিতে বিপণিবিতানের মেঝেতে রক্তের দাগ এবং ক্ষতিগ্রস্ত প্রবেশপথ দেখা গেছে।
রিভনে অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর কোভাল জানান, একটি বড় বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রিভনে অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলার পর শহরটির বড় অংশ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সূত্র : রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗