বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের আজ বুধবার শেষ দিন বিজয়া দশমী। এদিন দেবী দুর্গা মর্ত্যলোক থেকে ফিরে যাবেন কৈলাসে। ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। আজ বিসর্জনের মাধ্যমে এই বৃহৎ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। ১০ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে শুরু হয়েছিল পূজার ক্ষণগননা। এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে কৈলাস থেকে মর্ত্যলোকে এসেছেন। দশমীর দিন বির্সজনের মাধ্যমে মা কৈলাসে (স্বর্গে) ফিরে যাবেন নৌকায় চড়ে।
আজ পূজা মণ্ডপগুলোতে বিদায়লগ্নের বিষণ্ণতা থাকলেও আনন্দেরও কমতি নেই। সকাল থেকেই প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে বিদায়ের প্রস্তুতি।
মহাদশমী পূর্বাহ্ন ৯টা ৩৩ মিনিটের মধ্যে কিন্তু কুলিকবেলানুরোধে ৯টা ২২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন হবে।
পূজা শেষে প্রতিটি মণ্ডপেই ভক্তদের দেওয়া হবে পুষ্পাঞ্জলি। এরপর শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। বিসর্জনের আগে দেবী দুর্গাকে বিবাহিত মহিলারা পান, তেল, সিঁদুর ও মিষ্টিমুখ করাবেন। এরপর সিঁদুর খেলায় মেতে উঠবেন বিবাহিত নারীরা। ঘরে ঘরে বিতরণ করা হবে মিষ্টি। স্কুল ও কলেজ শিক্ষার্থীরাও আসেন ১০৮ বার শ্রীশ্রী দুর্গা লেখা চিরকুট নিয়ে।
দশমীর অঞ্জলি দিতে আজ সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা।
এদিকে গতকাল, মঙ্গলবার মহানবমী ছিল পূজার শেষ দিন। আজ বিজয়া দশমী অর্থাৎ বিসর্জনপর্ব। তাই নবমীর রাতই ছিল উৎসবের শেষ রাত।
নবমীতে পূজামণ্ডপগুলোতে ঢল নেমেছিল ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের। গভীর রাত পর্যন্ত নগরের বিভিন্ন মণ্ডপে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়িয়েছেন সবাই। বিশেষ করে সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের ভিড় ছিলে উপচে পড়া। সেইসঙ্গে ছিল আনন্দ, কোলাহল।
অন্যদিকে, নবমীর রাতে নগরের জেএমসেন হল পূজা প্রাঙ্গণ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে একনজর দেখতে দুপুর থেকেই পূজা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় ছিল উৎসুক জনতার ভিড়। প্রধানমন্ত্রীর আগনে শারদীয় দুর্গোৎসবে বাড়তি আনন্দ যোগ করে। এছাড়া সনাতনীদের মাঝেও বিরাজ করে আনন্দ উচ্ছ্বাস।
নবমী তিথি ছিল দিবা ৯টা ৫৯ মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন ৭টা ৩৪ মিটিনের মধ্যে পুনঃ ৯টা ০১ মিনিটের মধ্যে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা সম্পন্ন করা হয়। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি, বিতরণ করা হয় প্রসাদ। নগরের বিভিন্ন মণ্ডপে দুপুর দেড়টায় বিতরণ করা হয় মহাপ্রসাদ।
এদিকে প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর ও সিটি করপোরেশন যৌথ উদ্যোগ নিয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকতে।
পূজা উদযাপন পরিষদ জানায়, পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও কর্ণফুলী অভয়মিত্র ঘাট, কালুরঘাট ও কাট্টলী সৈকতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে।
বিজয়া দশমীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর আয়োজিত পতেঙ্গা সমুদ্র সৈকতে বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পণ কান্তি ব্যাণার্জি । তিনি জানান, বিজয়া দশমীতে সকাল ৬টায় পূজা আরম্ভ, সকাল সোয়া ৭টায় অঞ্জলি প্রদান, সকাল ৮টা ৫০ মিনিটে মাতৃ ঘট গৃহে প্রবেশ, সকাল ১০টায় সিদুঁর অর্পণ, বেলা ১২টায় পতেঙ্গা সৈকতে প্রতিমা নিরঞ্জন, দুপুর ২টায় সঙ্গীতানুষ্ঠান, বিকেল ৩টায় আলোচনা সভা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রসঙ্গত, এবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের হিসাব অনুযায়ী এবার নগরে ২৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রভাত/আরবি
The post আজ বিজয়া দশমী—মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
