খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে দেশের অন্যতম আকর্ষণীয় পাহাড়ি পর্যটনকেন্দ্র রাঙ্গামাটির সাজেক ভ্যালি খুলে দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মালিক পরিবহন শ্রমিক ও হোটেল রেস্তোরাঁ শ্রমিকরা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করে, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ(শান্তি পরিবহন), সাজেক কর্টেজ ও রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অফ সাজেক, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতি, খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি, পার্বত্য যানবাহন মালিক কল্যান সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন, শ্রমযান কল্যান সমিতি, মাহিন্দ্র কল্যান সমিতি, খাগড়াছড়ি হোটেল রেস্টুরেন্টে মালিক সমিতিসহ পর্যটক সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্যে বক্তারা বলেন, অবিলম্বে সাজেক পর্যটন খুলে দিতে হবে। সাজেকে যে সকল অস্ত্রধারী রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন পরিচালনা করুন, তবে সাজেক বন্ধ রেখে মানুষের কর্মসংস্থান বন্ধ রাখা যাবে না। পরে জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি তুলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।
এসময় মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। এর মধ্যে সাজেক খুলে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় আন্দোলনকারীরা।
