কালবেলা · general
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
১২/১০/২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মুখে কালো মাস্ক পরে এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের প্রতি সমর্থন জানানো অধ্যাপক সামিনা লুৎফাসহ অন্যদেরও প্রতীকী লাল কার্ড দেখান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেন তাসনিম সিরাজ। এ ছাড়া, শ্রেণিকক্ষে একই বেঞ্চে বসা ছয় ছাত্রকে ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করেন তিনি। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘রেড কার্ড টু রেসিস্ট, ক্লাসিস্ট অ্যান্ড হিপোক্রিট’ এবং ‘রেড কার্ড টু দোজ হু সাপোর্ট ডিসক্রিমিনেশন, হিউমিলিয়েশন অ্যান্ড বুলিং’।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, নিকাব পরার কারণে এক ছাত্রীকে ফান্ডামেন্টালিস্ট ও সন্ত্রাসী আখ্যা দেওয়ার পাশাপাশি ছয় ছাত্রকে একই বেঞ্চে বসতে দেখে তাদের গে ও গরিব বলে মন্তব্য করেন তাসনিম সিরাজ মাহবুব।
নায়েমের অভিযোগ, পরে ফেসবুক লাইভে এসে তাসনিম সিরাজ অভিযোগগুলোর যথাযথ জবাব না দিয়ে একপক্ষীয় ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বক্তব্য দেন।
তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, অধ্যাপক সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক এবং তার অন্যান্য অনুসারী তাকে নির্লজ্জভাবে সমর্থন করেছেন। তারা শিক্ষার্থীদেরই মূল অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। আজকের প্রতীকী প্রতিবাদ তাদের সবার বিরুদ্ধে।’
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি তখন অফিসে ছিলেন না। শিক্ষার্থীরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে থাকলে তা পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে জানা যাবে।’
এর আগে, গত ৭ অক্টোবর বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দেয়।
এর প্রতিবাদে রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা। এ সময় অন্য শিক্ষকদেরও একই ধরনের প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
এর পরদিনই তাসনিম সিরাজের বিরুদ্ধে অভিযোগ এবং তার প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের প্রতিবাদে কালো মাস্ক ও নিকাব পরে লাল কার্ড প্রদর্শন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
মূল প্রতিবেদনে যান ↗