কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ ডিবি একযোগে এ অভিযান পরিচালনা করে।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় চলে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান। কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে অভিযান চালায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ। এতে সরাসরি অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অভিযানে আটক করা হয় ৩৫৩ জনকে।
সোমবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে। কিশোর অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
