দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে রূপার দামও কিছুটা কমানো হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ ও রূপার দাম কমলো।
এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা এবং রূপার দাম ১৭৫ টাকা কমেছে। দাম কমানোর পর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে স্থানীয় বাজারের আগে দাম কমেছে বৈশ্বিক বাজারে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে আজ সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯০ ডলার।
নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা।
