দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১০:০২ পিএম
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় (৩য় দিন) বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বন্দরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, সোনাকান্দা, ঋষিপাড়া প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে তাদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামালউদ্দিন বলেন, “দুর্গোৎসব আমাদের আনন্দ, ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়। উৎসবের প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন আমরা নিজেদের আনন্দের পাশাপাশি সমাজের অসহায় মানুষের মুখেও হাসি ফোটাতে পারি। মানুষের পাশে দাঁড়ানো, দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সহমর্মিতার বন্ধন দৃঢ় করাই হোক আমাদের উৎসবের অঙ্গীকার। ধর্ম যার যার, কিন্তু মানবিকতা সবার এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথ, জেলা ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, মহানগরের সহ-সাধারণ সম্পাদক তপন চন্দ্র ধর, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, জীবন সাহা, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সহ সভাপতি নারায়ণ বর্মন, অবনী রঞ্জন হালদার, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকন রিপন কর্মকার এবং বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস।
-20261014160256.jpg&w=1440&q=75)