বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই শুটারের ছবি প্রকাশ্যে এসেছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় হামলার পর অভিযুক্তদের গতিবিধি খতিয়ে দেখছে তদন্তকারী টিম।
ঘটনাস্থলের কাছাকাছি তোলা ছবিতে দুই ব্যক্তিকে সাদা শার্ট পরা অবস্থায় দেখা যায়। তাদের মধ্যে একজনের মাথায় ছিল পুমা লোগোযুক্ত কালো টুপি। এখন পর্যন্ত ওই দু’জনের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। হামলার পর অভিযুক্তরা অন্ধেরি রেলস্টেশনে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোটরসাইকেলটি মুম্বাইয়ে নথিভুক্ত। গাড়িটির অতীত সম্পর্কে নিশ্চিত হতে তার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য, নম্বর প্লেট, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গুলি চালানোর পর অভিযুক্তরা কোন পথে পালায়, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই শুটারের সঙ্গে তৃতীয় এক সহযোগীও ছিল। সে একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসেছিল।
ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তির মধ্যে একজন পরপর একাধিক গুলি চালাচ্ছে। অন্যজনকেও গুলি চালানোর চেষ্টা করতে দেখা যায়। তবে তার অস্ত্র থেকে আদৌ গুলি বেরিয়েছিল কি না, তা ফুটেজ দেখে স্পষ্ট নয়। অন্যদিকে, তৃতীয় ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। মনে করা হচ্ছে, হামলার পর সহযোগীদের দ্রুত পালাতে সাহায্য করাই ছিল তার কাজ। এরপর তিনজনই মোটরসাইকেলে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রবিবার সন্ধ্যায় ৩৬ বছর বয়সি অভিনেতা টাইগার শ্রফ একটি ফুটবল ম্যাচ খেলে ফিরছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে। পাশাপাশি, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে নতুন করে হুমকিও দিয়েছে ওই গ্যাং।
হামলায় টাইগার শ্রফ অক্ষত থাকলেও তার গাড়িচালক ফিরদৌস এবং চৌহান নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। গুলি চালানোর সময় অভিনেতা গাড়ির এক পাশে বসেছিলেন। হামলার পর সরে চালকের আসনের দিকে চলে যান টাইগার।
অভিযুক্তদের শনাক্ত, গ্রেপ্তার করার জন্য মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশের কর্মীদের নিয়ে মোট ১৫টি দল গঠন করা হয়েছে। তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। পাশাপাশি, ঠিক কত রাউন্ড গুলি চালানো হয়েছিল, তা নির্ধারণ করতে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে ব্যালিস্টিক নমুনা সংগ্রহ করেছে এবং গাড়িটি পরীক্ষা করেছে।
ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতী অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে কথা বলেন। তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অভিনেতাকে আশ্বাস দেন, খুব শিগগির অভিযুক্তদের খুঁজে বের করা হবে।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে
