Published on
:
1 min read
ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শনিবার ফুকেট থেকে আসা একটি ফ্লাইটে বোমা থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও শেষমেশ বিমানে কোনও বোমা বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি বলে খবর।
বিমানবন্দর সূত্রে খবর, আজ ফুকেট থেকে কলকাতায় আসা একটি বিমান অবতরণের পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। টয়লেটের আয়নার উপরে লেখা ছিল ‘Bomb inside aircraft’ অর্থাৎ বিমানের ভিতরে বোমা রাখা আছে।
সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ।
তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও বিমানের ভিতরে থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিক ভাবে অনুমান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে। কে এই নোট লিখেছে, তা জানতে বিমানের যাত্রী তালিকা এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
