কবে আসছে কার্তিক-শ্রীলীলার ছবি?
কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা-র বহু প্রতীক্ষিত রোমান্টিক ছবির মুক্তির নতুন তারিখ অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। বেশ কিছু বিলম্ব ও জল্পনা-কল্পনার পর, নির্মাতারা নিশ্চিত করেছেন যে অনুরাগ বসু পরিচালিত এই বিগ-বাজেট রোমান্টিক ড্রামাটি ৩০ এপ্রিল, ২০২৭-এ বিশ্বজুড়ে বড়পর্দায় মুক্তি পাবে।চিত্রনাট্যকার ও পরিচালক অনুরাগ বসু-র সঙ্গে কার্তিক আরিয়ানের এই প্রথম কাজ। তার ওপর আবার পাশে শ্রীলীলা— দুই তরুণ তারকার এই একদম নতুন ও টাটকা জুটি নিয়ে শুরু থেকেই অনুরাগীদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।
মুক্তি পেল মনোজের আসন্ন ছবির ট্রেলার
অভিনেতা মনোজ বাজপেয়ী আবারও পর্দায় কাঁপাতে আসছেন তাঁর নতুন ক্রাইম থ্রিলার ‘গজব রাত’ নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২ মিনিট ২০ সেকেন্ডের এই ছবির শ্বাসরুদ্ধকর ট্রেলার। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ছবির নাম নিয়ে বিতর্ক দানা বাঁধায় এর আগের শিরোনাম ‘ঘুষখোর পণ্ডিত’ পরিবর্তন করে রাখা হয়েছে ‘গজব রাত’।
বৃহস্পতিবার মুক্তি পাওয়া এই ট্রেলারে মনোজ বাজপেয়ীকে দেখা গেছে 'নির্ভিত' নামে এক ঘুষখোর ও দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের ভূমিকায়। গল্পটি এগোয় এমন এক রাতকে কেন্দ্র করে, যা শুরু হয়েছিল এক ঝলকে সহজে কিছু উপরি টাকা কামানোর লোভ থেকে। কিন্তু সময় গড়াতেই সেই এক রাত বদলে যায় খুন, বড়সড় ষড়যন্ত্র এবং মারাত্মক সব অপ্রত্যাশিত টুইস্টে! এক সাধারণ অসৎ পুলিশ অফিসার কীভাবে ধাপে ধাপে এক ভয়ংকর পরিস্থিতির গ্যাঁড়াকলে আটকে পড়ে— তারই ঝলক পাওয়া গিয়েছে এই ট্রেলারে।
https://www.youtube.com/watch?v=OjH_Qfsu904&t=303s
বক্স অফিসে গতি কমছে ‘দৃশ্যম ৩’-র
প্রেক্ষাগৃহে মুক্তির ১৪ দিন পেরিয়ে গেলেও বক্স অফিসে নিজের মাটি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ । যদিও প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ছবির আয়ে খানিকটা মন্থর গতি দেখা দিয়েছে, তবুও ভারতে ব্যবসার নিরিখে ইতিমধ্যেই একটি বড় মাইলফলক স্পর্শ করেছে এই ছবি।তবে তৃতীয় সপ্তাহে পা রাখতেই বিজয়ের সামনে দাঁড়িয়ে এক বিরাট চ্যালেঞ্জ! আজ রজনীকান্তের মেগা অ্যাকশন সিক্যুয়েল ‘জেলার ২’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। পাশাপাশি শুক্রবার সারিতে রয়েছে ‘স্ট্রিট ফাইটার’, ‘প্রহার’ এবং ‘নয়া নভেলি’-র মতো একাধিক বিগ-বাজেট ছবি। ফলে বড়পর্দায় এখন স্ক্রিন কাউন্ট নিয়ে শুরু হয়েছে জোর লড়াই।
ট্র্যাক সংস্থা 'স্যাকনিল্ক' -এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ তম দিনে) ভারতের বাজারে আনুমানিক ৩.৭৫ কোটি থেকে ৪.২৫ কোটি টাকা নেট কালেকশন করেছে ছবিটি। আর এরই সঙ্গে ভারতে ‘দৃশ্যম ৩’-এর মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩২.৫০ কোটি টাকা (সব মিলিয়ে মোট প্রায় ৪০০ কোটি টাকা)! তবে বুধবারের ৫.২৫ কোটি টাকার তুলনায় বৃহস্পতিবারের আয়ে প্রায় ৪২.৫% কম হয়েছে।
