দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের জন্য বাজারের খরচ জোগাবেন তিনি। রাশমিকার আশা, তাঁর এই মানবিক উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানান রাশমিকা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আমার উত্তর হ্যাঁ। আর এটি তার মধ্যে অন্যতম। আমি সব সময়ই এমন ছিলাম, জয়াম্মাও এমন।’
রাশমিকা জানান, আগে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগের কথা প্রকাশ্যে আনতেন না। বিষয়গুলো নিজের ও দলের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। তবে তাঁর কাজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে—এমন ভাবনা থেকেই এবার উদ্যোগটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান হিসেবেই নিয়মিত এমন মানবিক কাজ করে যেতে চান তিনি।
অভিনেত্রীর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর ৪০০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হবে। এতে পরিবারগুলো দৈনন্দিন বাজারের খরচ বাঁচিয়ে সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে বলে আশা করছেন তিনি। এ কর্মসূচির আওতায় কী কী খাদ্যসামগ্রী দেওয়া হবে, সেই তালিকাও প্রকাশ করেছেন রাশমিকা।
মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, জীবনে পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী ছোট একটি ভালো কাজও কারও জীবন বদলে দিতে পারে।
নিজের পেশাগত জীবনের নানা চ্যালেঞ্জ, শারীরিক আঘাত ও মানসিক কষ্টের কথাও উল্লেখ করেন রাশমিকা। তাঁর ভাষ্য, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখের হাসি তাঁর সব কষ্টকে সার্থক করে তুলেছে। মানুষের মুখে হাসি ফোটানোর এই আনন্দ তাঁর কাছে অমূল্য।
এদিকে, রাশমিকা বর্তমানে নতুন সিনেমা ‘রণবলী’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটিতে তাঁকে জয়াম্মা চরিত্রে দেখা যাবে। চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের বিশেষ মিল রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতার দিক থেকে জয়াম্মার সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি।
‘রণবলী’ সিনেমায় রাশমিকার সহশিল্পী তাঁর স্বামী বিজয় দেবেরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাঁদের তৃতীয় যৌথ সিনেমা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ছবিটির পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’। সিনেমাটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর এক দিন আগে, ১৫ অক্টোবর মুক্তির কথা ছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিটির।
সূত্র: ইন্ডিয়া টুডে
