কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত হলেন, ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার মহির সর্দারের পূত্র মাহাবুল ও চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাবর আলীর পুত্র সুমন।
আটক সুমনের প্রতিবশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এর পূর্বেও তিনি আটক হয়েছেন।
ভেড়ামারা থানা পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা দাবি করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এ মহাসড়কে মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। ফলে সড়কটিতে চলাচলকারী ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
