কালবেলা · রাজনীতি
দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির আহ্বান রাষ্ট্রপতির
১১/১০/২০২৬

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। স্বাধীনতার পাঁচ দশক পরও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি পরিচালনায় কেন বিদেশি কর্মী আনতে হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিতে উদ্ভাবনের পেটেন্ট অধিকার অর্জন ও বাণিজ্যিকীকরণে সহায়তার জন্য নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে।
এ ছাড়া গবেষণা, প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসব কার্যক্রমের ফলে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন ড. সবুর খান।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে শিক্ষার মান বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
প্রতিনিধিদলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗