রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। জি এম কাদের ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক দল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যায়। তারা নানা স্লোগান দেয়। পরে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি।

ঘটনার পর জি এম কাদের প্রথম আলোকে বলেন, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই হচ্ছে। তাঁর নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এক থেকে দেড় শ লোক ছিল বলে মনে হয়েছে তাঁর। এরপর লোকজন তাঁর বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি। থানায় ফোন দিলে পুলিশ আসে। এর মধ্যে হামলাকারীরা চলে যায়। এখনো পুলিশ বাসার সামনে অবস্থান করছে।
হঠাৎ করে কেন এই হামলা হলো, তা বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন জি এম কাদের।

হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়।
হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।
