ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে।
আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসময় যাত্রী পারাপার আগের মতই চলবে।
গত ১৫ অক্টোবর আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দরে পুনরায় নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
চিঠির অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন এবং আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয়েছে।
