ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক শুরু হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। বৈঠক শেষে বিকেল সাড়ে চারটায় বিস্তারিত অবহিত করতে প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে।
সংবিধানে সর্বজনগ্রাহ্য সংশোধনী খসড়া প্রণয়ন, সার্বিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে আইন বিশেষজ্ঞরা তাদের মতামত ও পরামর্শ দেবেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। গণঅভ্যুত্থানের চেতনাকে সংবিধানে ধারণ করার পাশাপাশি এতে শহীদ ও আহতদের আইনি সুরক্ষা এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।
এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সকল আলোচনা ও খসড়া তৈরির কাজ শেষ করা হবে। ২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে।
