আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাউজানে চুয়েট ক্যাম্পাসে গিয়ে তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের কার্যালয়ে যান তিনি।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর থেকেই তার ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্যের প্রবেশের মধ্য দিয়ে চুয়েটে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপাচার্যের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
The post তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
