ঢাকার ধামরাইয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাদের বাবা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।
এ সময় শহীদ সাদের বাবা স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, তাঁর ছেলের স্মৃতি ধরে রাখতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি যেন শুধু একটি স্থাপনা হয়ে না থাকে, বরং নতুন প্রজন্মের কাছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে। দ্রুত নির্মাণকাজ শেষ হলে মানুষ এখানে এসে শহীদ সাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এ ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন আফিকুল ইসলাম সাদ। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তিনি মারা যান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
