মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের সময় যৌথ অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়। এই সময় বিপুল পরিমানে জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার দাসের হাট সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে জাল, মা ইলিশ ও জেলেদের আটক করা হয়।
পরে আটককৃত ১৯ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৯৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও খান সালমান হাবিব। এছাড়াও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও ৩০ কেজি মা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
জরিমানা দেওয়া ১৯ জেলে হলেন, কালাম, রুবেল, শামিম, বিক্রম, আলিফ, শামিম, সুজন, নুরনবী, ছালাউদ্দিন, ইমন, শাকিব, আলমগীর, মনির, মোছলেহউদ্দিন, রবিন, আজমেরী, রহিম, হেলাল ও আকতার। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন, চরফৈজুদ্দিন ও দাসেরহাট এলাকায়।
এই ব্যাপারে সহকারি মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, ১৯ জেলেকে আটক করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে ও জব্দকৃত ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।