প্রকাশিত: ০৯:০১, ১২ অক্টোবর ২০২৬
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধার করা জার্মান পর্যটকের ল্যাপটপ
নাটোরে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। চুরির চারদিন পর রবিবার (১১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরতলীর কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার হয়। তবে, তার ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি।
নাটোর সদর থানায় রাতে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক এ তথ্য জানান।
এসপি শরীফুল হক জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর থেকে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে ট্রেনের একটি আসনের নিচে ব্যাগটি দেখতে পান নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা। তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। সেখানে পৌঁছে ব্যাগ খুলে ভেতরে ল্যাপটপ দেখতে পান। পরে তিনি বিষয়টি তার ছেলে অন্তরকে জানান।
সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরির খবর জানতে পারেন অমল সাহা। পরে রবিবার রাতে তার ছেলে অন্তর বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ল্যাপটপ উদ্ধারের বিষয়টি কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে এটিএম বুথে টাকা তুলতে যান কিরিল ল্যান্ডার উইবার। ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি তিনি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় অভিযোগ জানান। এসময় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
