নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি টরাস পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে ডবলমুরিং মডেল থানা-পুলিশ।
এই ঘটনায় আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো. আমিনুর রশিদ বলেন, ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
