বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি
দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি থেকে জামানতবিহীন ঋণ সুবিধা পেতে প্রাথমিকভাবে দেশের আটটি জেলা হকে আবেদন পড়েছে ১৮ হাজারেরও বেশি।
দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সকল উপজেলায় এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।
কর্মসূচির সক্রিয়করণ পর্যায়ে আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার সকল উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক আবেদনের সংখ্যা হলো: মানিকগঞ্জে ১,৩৪৩টি, ফেনীতে ১,২৬১টি, নওগাঁয় ২,৪৫৬টি, ঝিনাইদহে ২,১৯১টি, ভোলায় ১,৫৪৫টি, হবিগঞ্জে ১,৫৫২টি, রংপুরে ২,৭৪৫টি এবং নেত্রকোণায় ৫,৩৫১টি।
এর ধারাবাহিকতায় উল্লিখিত আট জেলা ছাড়া অবশিষ্ট ৫৬ জেলার সকল উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা কামনা করছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ব্যাংক
১২ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
১০ অক্টোবর ২০২৬
