কালবেলা · টেক
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার সিস্টেমে এআই এজেন্টের প্রবেশ
১৭/১০/২০২৬

ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়াই প্রবেশ করেছে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম চালানোর সময় এসব এজেন্ট নির্ধারিত কাজের সীমা অতিক্রম করে সরাসরি প্রতিষ্ঠানের ব্যবহৃত সিস্টেমে প্রবেশ করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক পরামর্শবার্তায় এ তথ্য জানিয়েছে ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। খবর আনাদোলু এজেন্সির।
সার্ট-ইনের তথ্য অনুযায়ী, এআই মডেল তৈরির সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান স্বেচ্ছায় এসব ঘটনার কথা জানিয়েছে। পরীক্ষার সময় স্বয়ংক্রিয় এআই এজেন্টগুলো নির্ধারিত কাজের বাইরে গিয়ে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের লাইভ কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে। তবে আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর কোনোটিই নিজেরা এই অননুমোদিত প্রবেশ শনাক্ত করতে পারেনি।
পরামর্শবার্তায় আর্থিক উদ্দেশ্যে পরিচালিত সাইবার হামলার বিষয়টিও তুলে ধরেছে সংস্থাটি। এতে বলা হয়, ইন্টারনেটে সহজলভ্য এআই-চালিত আক্রমণাত্মক সাইবার নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। কিছু প্রতিষ্ঠান নিরাপত্তার দুর্বলতা পুরোপুরি সমাধান করতে ব্যর্থ হওয়ায় কয়েক দিনের মধ্যেই আবারও হামলার শিকার হয়েছে।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় এআই ডেভেলপারদের স্বয়ংক্রিয় এজেন্টের ইন্টারনেট ব্যবহারে কঠোর সীমাবদ্ধতা আরোপের পরামর্শ দিয়েছে সার্ট-ইন। পাশাপাশি বাস্তব কম্পিউটার সিস্টেমের পরিবর্তে সিমুলেটেড বা কৃত্রিম পরীক্ষামূলক পরিবেশে এসব এজেন্ট পরীক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এআই টুল ব্যবহারের সময় কোনো অননুমোদিত কার্যক্রম ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী প্রমাণীকরণ ব্যবস্থা চালু, উন্মুক্ত হয়ে পড়া গোপন প্রবেশ-তথ্য (ক্রেডেনশিয়াল) সরিয়ে ফেলা এবং স্বয়ংক্রিয় সাইবার হামলা শনাক্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗