দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৯ জন।
আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সবশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী এ তথ্য জানায় অধিদপ্তর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতটি শিশুর সবাই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে সুনির্দিষ্টভাবে কেবল হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
নতুন মৃত্যুর ঘটনা নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯২ শিশুর প্রাণহানি ঘটল। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে দেশের মোট ১ হাজার ১৯৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ৬৫ জন নিশ্চিত হামের রোগী এবং ১ হাজার ২৫৪ জন উপসর্গজনিত রোগী। এ ছাড়া এক দিনে নতুন করে ১ হাজার ৩২ শিশু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯০৮ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
