ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৫ম বিশেষ সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানান। শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির পর তা ১০ টাকা মূল্যমানের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। এরই পরিপ্রেক্ষিতে সভায় ব্যাংকের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশনের সংশোধনীও সম্মানিত শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়। এ ছাড়া সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত ছিলেন। সভা সফলভাবে সম্পন্ন করায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।