Published on
:
1 min read
বিতর্ক যেন পিছু ছাড়ছে না র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের। কনসার্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এবার মহারাষ্ট্র সাইবার সেলের কড়া পদক্ষেপের মুখে পড়লেন জনপ্রিয় এই গায়ক। ১৬ অক্টোবর, শুক্রবার তদন্তকারীদের সামনে হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে আরও সময় চেয়ে আবেদন করেন হানি।
হানির আর্জি ছিল, ১৬ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর তদন্তকারীদের মুখোমুখি হতে চান তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল। এমনকী, এ বারও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারির প্রক্রিয়া শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তদন্তকারী আধিকারিকেরা।
অভিযোগ, কনসার্টে পারফর্ম করার সময় এমন কিছু কথা বলেছিলেন হানি, যা নিয়ে আপত্তি ওঠে। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন। অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এই পরিস্থিতিতে গায়কের বক্তব্য জানতে এবং তাঁর কাছে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই তাঁকে তলব করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এর আগে তিনবার তলব করা হলেও মহারাষ্ট্র সাইবার সেলের সামনে হাজির দেননি হানি সিং। ৫ অক্টোবর তদন্তকারীদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেদিনও হাজিরা দেননি গায়ক। পরিবর্তে তদন্তকারী আধিকারিকের সামনে উপস্থিত হওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন তিনি।
