টাঙ্গাইলের মির্জাপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি গরুসহ একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি পশ্চিমপাড়া এলাকার নিলু সরকারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নিলু সরকারের গোয়ালঘরে বৈদ্যুতিক ফ্যান চালু ছিল। ধারণা করা হচ্ছে, ফ্যানের বৈদ্যুতিক সংযোগের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন আশপাশের বসতঘরে ছড়াতে পারেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খুশিমোহন সরকার জানান, অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘরে মোট চারটি গরু ছিল। স্থানীয়দের সহায়তায় দুটি গরুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। এ ছাড়াও গোয়ালঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে তাদের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার চৌধুরী রায়হান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন চারদিকে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
জেএইচআর
