অনলাইন ডেস্ক
কুয়াশা আর শীতল বাতাসের দাপটে জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাতের বেলায় বারবার বয়ে যাওয়া হিমেল হাওয়া প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে। এরই মধ্যে সোমবার মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে।
এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। কুয়াশা না থাকলেও সূর্যের তাপ তেমন অনুভূত হয়নি।
এর আগের দিন রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
এ ছাড়া, গত শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। একই তাপমাত্রা রেকর্ড করা হয় শুক্রবার সকালেও।
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত বৃহস্পতিবার। সেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, গত ১১ ডিসেম্বর থেকে এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলাতেই রেকর্ড হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
