স্টাফ রিপোর্টার।।
ভোলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র পরিচালনা করেছে এক সফল অভিযান। জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬ কেজি অবৈধ গাঁজাসহ হাসনাইন ওরফে নাইম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর-২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল। তথ্যের সত্যতা যাচাই করে এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা (লক্ষীপুর লঞ্চঘাট) ফেরিঘাট এলাকার বন্ধ নয়নের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাসনাইন ওরফে নাইমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসনাইন ওরফে নাইম (৩৫) ভোলা জেলার তজুমুদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের নাজিম ও বিবি কুলসুম দম্পতির ছেলে।
এ ঘটনায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের চালান ও ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।