নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ¦লন্ত সিগারেট থেকে জ্বালানি তেলের একটি গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সেখানে থাকা ড্রাম বিস্ফোরিত হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, আল-আমিন নামে এক ব্যক্তির মালিকানাধীন গোডাউনের সামনে কর্মচারীরা পোড়া মবিল ড্রামে ভরছিলেন। এ সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ড্রাম বিস্ফোরিত হয়।
স্থানীয় বাসিন্দা সোহেল বলেন, কর্মচারীরা সিগারেট খাওয়া অবস্থায় পোড়া মবিল ড্রামে ভরার সময় হঠাৎ আগুন ধরে যায়। ওই গোডাউনে অকটেন, ডিজেল, পোড়া মবিলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল মজুত রেখে অন্যত্র বিক্রি করা হয়।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।