রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল চলন্ত সিএনজির ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সিএনজিচালক আঘাত পান এবং আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে সরাসরি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
