চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস নিষিদ্ধ মাদকজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আজিজার রহমান ওরফে আজিজ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা বাজার এলাকার গ্রামীণ টাওয়ার সংলগ্ন পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানা এলাকায় জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ধারমুহা পাতারীপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ আজিজার রহমানকে হাতেনাতে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, উক্ত ঘটনায় এসআই মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় চিরিরবন্দর থানায় একটি মামলা (মামলা নং-২২/২৬, তারিখ: ১৫/১০/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে।
মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজার রহমানের ওপর অর্পণ করা হয়েছে। এলাকাভিত্তিক মাদক নির্মূলে চিরিরবন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

