নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বর্ণা রানী কাহার (৭) ও রূপা রানী কাহার (৫) নামের আপন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার কৃষ্ণ কাহারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঘটনার সময় কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। মায়ের এই ব্যস্ততার সুযোগে দুই শিশুসন্তান বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর ঘরের কাজ শেষ করে দুই বোনকে দেখতে না পেয়ে পিংকী রানী উৎকণ্ঠায় পড়েন। প্রথমে তিনি আশপাশের বাড়িগুলোতে তাদের সন্ধান করেন। সেখানে তাদের না পেয়ে নিজ বাড়িতে ফিরে এসে চারপাশ খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির ওপর বুদ্বুদ উঠতে দেখে তাঁর মনে তীব্র সন্দেহ জাগে।
মুহূর্তের মধ্যে আতঙ্কিত মা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই দুই মেয়ের নিথর দেহ পানি থেকে উদ্ধার করেন। পরিবারের এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও স্বজনেরা শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দিতে ভিড় জমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
