দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করলেন জাপানের প্রধানমন্ত্রী
বুধবার জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হয়েছে।
তাকাইচি গত বছর অক্টোবর মাসে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেত্রী নির্বাচিত হন। জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোট গঠনের চুক্তিতে পৌঁছানোর পর ২১শে অক্টোবর তাঁর প্রথম মন্ত্রিসভা তিনি গঠন করেন।
শুরুতে সংসদের কোনো কক্ষেই ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তবে ফেব্রুয়ারি মাসের নিম্নকক্ষ নির্বাচনে এলডিপি এককভাবে ৩১৬টি আসনে জয় লাভ করে, যা হলো মোট আসন সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি।
দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী অর্থনৈতিক নীতির উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। পেট্রোল ও অন্যান্য পণ্যের ক্রমবর্ধমান মূল্য মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন এবং ‘দায়িত্বশীল ও সক্রিয় সরকারি অর্থায়ন’ নীতির উপর ভিত্তি করে সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন।
কূটনৈতিক ক্ষেত্রে, জাপান-মার্কিন জোটকে শক্তিশালী করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করেছেন তাকাইচি।
তাইওয়ানে সম্ভাব্য জরুরি অবস্থা নিয়ে সংসদে তাকাইচির করা মন্তব্যের কারণে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও টানাপোড়েনের মধ্যে রয়েছে।
চলতি মাসে পরিচালিত এনএইচকে-র এক জরিপে দেখা গেছে, একাধিক অভিযোগের কারণে কৃষিমন্ত্রী ইয়ানা কাযুও পদত্যাগ করতে বাধ্য হলেও তাকাইচি মন্ত্রিসভার জনপ্রিয়তার হার ৫১ শতাংশের উচ্চপর্যায়ে বজায় রয়েছে।
তাকাইচি বলেছেন, বিরোধী দলগুলোর সহযোগিতা নিশ্চিত করে চলতি সংসদ অধিবেশনে খাদ্যপণ্যের উপর ভোগ্য কর হ্রাস সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে সম্ভাব্য সবকিছু তিনি করতে চাইছেন। উল্লেখ্য, উচ্চকক্ষে ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই।