সংবাদমাধ্যমে ‘গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০৪ কোটি টাকা আত্মসাৎ’ সংক্রান্ত যে খবর প্রকাশ পেয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। একই সঙ্গে স্টক এক্সচেঞ্জকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি। ব্যাখ্যায় অর্থ আত্মসাতের কোনো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ‘গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০৪ কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে গত ৩০ আগস্ট সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি চিঠি দেয়। চিঠির জবাবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে কোম্পানিটি।
গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রকাশিত সংবাদে কোম্পানির অতীতের গ্রস প্রিমিয়াম আয় ও পরিচালন ব্যয়ের যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে, তার কিছু অংশ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীর তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অতিরিক্ত পরিচালন ব্যয় প্রায় ১০৪ কোটি টাকা আত্মসাৎ হিসেবে উপস্থাপন করা ভুল ও বিভ্রান্তিকর।
চিঠিতে গ্লোবাল ইন্স্যুরেন্স স্বীকার করেছে, ২০২০ থেকে ২০২৪ সালের কয়েকটি বছরে কোম্পানির পরিচালন ব্যয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্ধারিত সীমা অতিক্রম করেছিল। এ কারণে সংশ্লিষ্ট বছরগুলোর জন্য আইডিআরএ জরিমানা আরোপ করে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। পাঁচ বছরের মোট জরিমানার পরিমাণ ২২ লাখ ৫০ হাজার টাকা। এসব জরিমানা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। এ ছাড়া, পরিচালন ব্যয়গুলো কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্থিক লেনদেনের সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট, ভাউচার ও অন্যান্য প্রাসঙ্গিক নথি সংরক্ষণ করা হয়েছে বলে জানায় গ্লোবাল ইন্স্যুরেন্স।
গ্লোবাল ইন্স্যুরেন্সের দাবি, প্রায় ১০৪ কোটি টাকা বর্তমানে কোম্পানির প্রদেয় কোনো অর্থ নয় এবং বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই পরিমাণ অর্থের দায় কোম্পানির ওপর আরোপ করেনি। তাই অতিরিক্ত পরিচালন ব্যয়ের জন্য আরোপিত জরিমানাকে অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।
