পুজোর ক’দিন লুচি, কষা মাংস, বিরিয়ানি, ফুচকা থেকে শুরু করে নানা রকম মিষ্টি—খাওয়াদাওয়ার তালিকায় বাদ পড়ে না প্রায় কিছুই। তাই পুজোর পর রোজকার খাবারের তালিকায় ফিরিয়ে আনতে পারেন বাড়ির সহজ, পরিচিত বাঙালি রান্না। খুব বেশি উপকরণ বা কসরত ছাড়াই তৈরি করা যায় এমন চারটি পদের হদিশ রইল (Bengali Recipes)।
১. লাউয়ের পাতলা ঝোল
উপকরণ: ১ ছোট লাউ, ১ আলু, ১ কাঁচালঙ্কা, আধ চা-চামচ জিরে, সামান্য হলুদ, নুন, অল্প সর্ষের তেল ও জল।
প্রণালী: প্রথমে লাউ ও আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে জিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। প্রথমে আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউ, হলুদ ও নুন দিন। ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন। লাউ থেকে জল বেরোতে শুরু করলে প্রয়োজনমতো গরম জল দিয়ে ফুটতে দিন। আলু ও লাউ সেদ্ধ হয়ে ঝোল তৈরি হলে, নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোল বেশ মানানসই।
২. ধনেপাতা দিয়ে পাতলা মুগ ডাল
উপকরণ: আধ কাপ মুগ ডাল, ১ মুঠো কুচোনো ধনেপাতা, ১ কাঁচালঙ্কা, সামান্য আদা কুচি, আধ চা-চামচ জিরে, নুন, হলুদ ও অল্প তেল।
প্রণালী: প্রথমে মুগ ডাল শুকনো কড়াইয়ে হালকা ভেজে, ধুয়ে নিন। এরপর জল ও সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করুন। ডাল নরম হয়ে গেলে প্রয়োজনমতো গরম জল মিশিয়ে পাতলা করে নিন। অন্য একটি ছোট পাত্রে অল্প তেল গরম করে জিরে, আদা কুচি ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। সেই ফোড়ন ডালে মিশিয়ে নুন দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। সবশেষে কুচোনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই ডাল সহজ, সহজপাচ্যও।
৩। চালকুমড়োর ঘণ্ট
উপকরণ: ছোট চালকুমড়ো, ১ আলু, আধ চা-চামচ জিরে, ১ কাঁচালঙ্কা, সামান্য হলুদ, নুন ও অল্প সর্ষের তেল।
প্রণালী: চালকুমড়োর খোসা ছাড়িয়ে বীজ ফেলে ছোট টুকরোয় কেটে নিন। কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে জিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। প্রথমে আলুর টুকরো দিয়ে কিছুক্ষণ ভেজে চালকুমড়ো, হলুদ ও নুন মিশিয়ে নিন। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন। চালকুমড়ো থেকেই জল বেরোবে, তাই প্রথমেই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সবজি নরম হয়ে এলে ঢাকা খুলে নাড়াচাড়া করুন, যাতে অতিরিক্ত জল শুকিয়ে যায়। সবজি মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই স্বাদু বাঙালি পদ।

৪। পাতলা মাছের ঝোল
উপকরণ: রুই মাছের ৪টি টুকরো, ১টি আলু, ১টি টমেটো, ১টি কাঁচালঙ্কা, আধ চা-চামচ জিরে, হলুদ, নুন, সর্ষের তেল ও জল।
প্রণালী: মাছের টুকরোয় নুন-হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে জিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে আলুর টুকরো ভেজে নিন। এবার কুচোনো টমেটো, সামান্য হলুদ ও নুন দিয়ে নাড়াচাড়া করুন। আলু কিছুটা সেদ্ধ হলে প্রয়োজনমতো জল দিন। ঝোল ফুটতে শুরু করলে মাছের টুকরোগুলি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। আলু ও মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। বেশি মশলা ছাড়াই তৈরি হয়ে যাবে বাঙালির চেনা পাতলা মাছের ঝোল।
