দিনাজপুর সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও মন্দির কমিটির প্রতিনিধিদের মধ্যে বরাদ্দের ডিও বিতরণ করা হয়েছে; সভায় মন্দিরের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্গাপূজা উদ্যাপনে সার্বিক সহযোগিতা করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় দিনাজপুর সদর উপজেলা কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা ও ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন শরিফ।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। এ সময় দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দকৃত ডিও তাঁদের মধ্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। উৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে তিনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন নবী, বিএনপি নেতা মুরাদ হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিরা।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মন্দিরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
