ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।
রবিবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সকালে আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে আসামিরা। এ সময় ফ্ল্যাটে অবস্থানরত ডালিয়া আক্তার তাদের দেখে ফেললে বাধা দেন। তখন আত্মরক্ষার্থে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যায় তারা।
হত্যার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। প্রথমে আশিক ও আলমগীরকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশের দাবি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা ও জুতা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদনও করা হয়েছে।
উল্লেখ্য, নিহত ডালিয়া আক্তার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গত ২৪ অক্টোবর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।