বৈষম্যবিরোধী আন্দোলন • হত্যাচেষ্টা মামলায় এবার দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার রহস্য উদঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলাটি করা হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এ মামলা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদীর অভিযোগ, ওই দিন সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা ছাত্র-জনতার ওপর আসামিদের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে বাদী মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরের অংশে আহত হন। পরে তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
উত্তরা পশ্চিম থানার ২০২৫ সালের ২৭ মার্চ করা মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৯, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) স্বর্ণ ও হীরা কেনার উৎস এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশান থানায় করা মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিন দিনের রিমান্ড চেয়েছিল। শুনানিতে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, আমদানি করা পণ্যের বৈধ কাস্টমস সনদ তাদের কাছে রয়েছে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।
দিলীপ কুমার আগরওয়ালা কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল র্যাব। পরে তিনি জামিনে মুক্তি পান।
এমডিএএ/এমএমএআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
