চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানযোগে শিউলি ফুল পাঠানোর ঘটনা নিয়ে রসিকতা করেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। রহস্যময় উপহারদাতাকে নিয়ে তাঁর মজার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে পরীমনি জানিয়েছেন, ফুলগুলো একজন নারী পাঠিয়েছেন।
গত শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়িসহ পুরো আয়োজন সাজানো হয় এই ফুল দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও অনুষ্ঠানে হাজির হন নায়িকা। জন্মদিনের বিশেষ চমক ছিল চট্টগ্রাম থেকে বিমানযোগে পাঠানো শিউলি ফুলের উপহার।
এই উপহার নিয়ে ফেসবুকে রসিকতা করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, পরীমনিকে ঘিরে এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের বড়লোক পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছেন। তাঁদের মনে প্রশ্ন, কোন স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল পাঠিয়েছেন?
জয় আরও লেখেন, ‘আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক, ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।’
পোস্টে পরীমনির প্রশংসাও করেন জয়। তাঁর ভাষ্য, পরীমনি এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা, যিনি চলচ্চিত্রজগৎকে নিজের আপন মনে করেন। প্রচারণা বা সংবাদ সম্মেলনের জন্য নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দিতে তিনি ইন্ডাস্ট্রির মানুষকে ভালোবাসেন ও সম্মান করেন। পোস্টের শেষে পরীমনির জন্য শুভকামনাও জানান তিনি।
তবে জয়ের রসিকতার প্রসঙ্গে পরীমনি মন্তব্যে জানান, শিউলি ফুলগুলো কোনো পুরুষ নয়, একজন নারী পাঠিয়েছেন।

