চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল পাচারের অভিযোগে একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা ও উপজেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে চাঁদপুর শহরের বিপণীবাগ মোড় এলাকা থেকে চালবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চালের একটি চালান জেলার বাইরে পাচারের তথ্য পেয়ে তাঁরা অনুসন্ধান শুরু করেন। পরে বিপণীবাগ এলাকায় ট্রাকটি আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালবোঝাই ট্রাকটি আলীগঞ্জ হয়ে লাকসামের দিকে যাচ্ছিল। ট্রাকে থাকা স্লিপে ৪ হাজার ৯৩০ কেজি চালের উল্লেখ রয়েছে। বস্তা গণনা শেষে চালের সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করা হবে।
এ ঘটনায় কোনো প্রশাসনিক কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জব্দ করা চাল কমিটির হেফাজতে থাকবে।
তবে চাল পাচারের অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা কামাল শামীম। মুঠোফোনে তিনি জানান, তাঁদের ইউনিয়নের জন্য ১১৩ টন চাল বরাদ্দ ছিল। এর মধ্যে ১০৪ টন চাল ছাড় করানো হয়েছে। তবে এখনো কার্ড বিতরণ বা চাল বণ্টন শুরু হয়নি। আগামী বুধবার থেকে বণ্টন শুরুর কথা রয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মোস্তফা কামাল শামীম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা চাল বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
