Asian Para Games
এশিয়ান প্যারা গেমসে দ্বিতীয় দিনে ভারতের রেকর্ড ২৪ পদক
-
- 20 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
এশিয়ান প্যারা গেমসের দ্বিতীয় দিনে পদকের বন্যা ভারতীয় শিবিরে। অ্যাথলেটিক্স, প্যারা টেবিল টেনিস, শুটিং, পাওয়ারলিফটিং এবং সাঁতার—মোট পাঁচটি বিভাগে মঙ্গলবার ২৪টি পদক জিতল ভারত। দিনের সেরা আকর্ষণ নিশাদ কুমারের সোনা জয়, ডিসকাস থ্রোয়ে ভারতীয় অ্যাথলিটদের পডিয়াম সুইপ এবং দীপ্তি জীবনজির সাফল্য। পাশাপাশি এশীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন প্রবীণ সুরমা।
পুরুষদের হাই জাম্প টি৪৭ বিভাগে ২.০৪ মিটার লাফিয়ে সোনা জেতেন নিশাদ। এই পারফরম্যান্সে নতুন গেমস রেকর্ডও গড়েন তিনি। আগের দিন পুরুষদের লং জাম্পে সোনা জিতেছিলেন নিশাদ। ফলে প্রতিযোগিতায় নিজের দ্বিতীয় সোনা তুলে নিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। উজবেকিস্তানের মুহাম্মদাবদুল্লোহ তুরসুনজনভ ১.৯৪ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন।
পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ-৪৩/এফ-৪৪/এফ-৬২/এফ-৬৪ বিভাগে ভারতীয় অ্যাথলিটদের দাপট ছিল দেখার মতো। সোনা জেতেন দেবেন্দর কুমার। তাঁর সেরা থ্রো ৪৯.৭১ মিটার। রাকেশ ৪৯.৩৫ মিটার ছুড়ে রুপো পান। প্রদীপ কুমার ৫১.১৫ মিটার ছুড়েও শ্রেণিভিত্তিক পয়েন্টের বিচারে ব্রোঞ্জ পান। এই বিভাগে তিনটি পদকই এল ভারতের ঝুলিতে।
পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫১ বিভাগে ১১.৬৬ মিটার ছুড়ে এশীয় রেকর্ড গড়ে সোনা জেতেন প্রবীণ সুরমা। তাঁর সতীর্থ রাম রতন সিং ১০.৩৫ মিটার থ্রো করে রুপো পান। মহিলাদের ৪০০ মিটার টি-২০ বিভাগে সোনা জেতেন দীপ্তি জীবনজি। মহিলাদের ২০০ মিটার টি-১২ বিভাগে সোনা জেতেন সিমরন। ২৪.৮০ সেকেন্ড সময় করে গেমস রেকর্ড গড়েন তিনি। একই ইভেন্টে ব্রোঞ্জ পান তেজলবেন দামোর। মহিলাদের ২০০ মিটার টি৩৫ বিভাগে ২৯.৫৩ সেকেন্ড সময় করে রুপো পান প্রীতি পাল।
শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ বিভাগে রুপো পান মনীশ নারওয়াল। মহিলাদের একই ইভেন্টে ব্রোঞ্জ পান সৃষ্টি অরোরা। পুরুষদের ৬৫ কেজি পর্যন্ত পাওয়ারলিফটিং বিভাগে রুপো পান অশোক কুমার মালিক। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৩/এফ৫৪ বিভাগে রুপো পান প্রদীপ কুমার এবং ব্রোঞ্জ পান আয়ুষ বর্মা। শট পাটে ব্রোঞ্জ জেতেন প্রভীন শর্মা ও হোকাতো হোতোঝে সেমা।
সাঁতারেও সাফল্য এসেছে ভারতের। পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল এস১১ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন হিমাংশু নন্দল। পুরুষদের ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলি এসএম৭ বিভাগে ব্রোঞ্জ পান নিরঞ্জন মুকুন্দন।
প্যারা টেবিল টেনিসে মহিলাদের বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ জেতেন সোনালবেন পটেল, ভাবিনা পটেল, প্রচী পাণ্ডে ও সাহানা রবি। পুরুষদের সিঙ্গলস ক্লাস ১ বিভাগে ব্রোঞ্জ পান জেহান মদন। অন্য দিকে, প্যারা আর্চারিতে মহিলাদের কম্পাউন্ড ডাবলসের ফাইনালে উঠেছেন শীতল দেবী ও পায়েল নাগ। মহিলাদের রিকার্ভ এবং পুরুষদের রিকার্ভ ডাবলসেও ফাইনালে পৌঁছেছে ভারতের জুটি।
তবে সব বিভাগেই সাফল্য আসেনি। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে পদক হাতছাড়া করেন টোকিয়ো প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন কৃষ্ণ। পাওয়ারলিফটিংয়ে ঝান্ডুকুমার পঞ্চম স্থানে শেষ করেন।
ভারত এই মুহূর্তে ৯টি সোনা, ১১টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
