প্রতারণার অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে ২০২৪ সালের ২৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক তাহসীন মুনাবীল হক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালে ডব্লিউএইচওতে জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং শিক্ষা ম্যানুয়াল তৈরি বা পর্যালোচনার কাজে যুক্ত থাকার মিথ্যা তথ্য দিয়েছিলেন সায়মা ওয়াজেদ। দুদকের দাবি, এসব অভিজ্ঞতা ও যোগ্যতার তথ্য ব্যবহার করে তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে নিয়োগ পাওয়ার পথ সুগম করেন।
এজাহারে আরও বলা হয়, ২০১৭ সালে স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হন সায়মা ওয়াজেদ। ওই দায়িত্বে থাকার সময় ডব্লিউএইচওতে জমা দেওয়া সিভিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়াল পর্যালোচনা এবং অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করেন।
দুদকের অভিযোগ, এসব কাজের সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শিক্ষকতা কিংবা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা পর্যালোচনার কাজে সায়মা ওয়াজেদের যুক্ত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
