জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রক্টরের দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠানাদি উদযাপনের এখতিয়ার সকলেরই রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর রাতে ক্যাম্পাসে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত প্রক্টরের উদ্যোগে ঘটনাস্থলেই বিষয়টির তাৎক্ষণিক সমাধান করা হয়। পরদিন সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা ও বিবৃতি প্রদানের মাধ্যমে বিষয়টি আরও সন্তোষজনকভাবে সমাধান হয়।
এদিকে ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে শোকজ দেওয়ার বিষয়ে ‘ভিত্তিহীন অভিযোগ’ ছড়িয়ে পড়ার বিষয়েও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর ও সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রশাসনের অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক ঘটনার পর যেন নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য প্রক্টর পশু জবাইয়ের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তবে ওই আহ্বানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠানাদি উদযাপনের এখতিয়ার সকলেরই রয়েছে। তবে একটি উদযাপন যেন অন্য কোনো উদযাপনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এনটি
