তৈরি হচ্ছে রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়ট্স’-এর দ্বিতীয় ভাগ। ছবির সিক্যুয়েল আসার খবর ছড়াতেই দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। দীর্ঘদিন ধরে ছবির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চলছে। আর কিছু দিনের মধ্যেই ছবির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় আমির খান।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়ট্স’। প্রায় ১৭ বছর আগে তৈরি সফল সেই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সেই নিয়ে মুখ খুললেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এ দিন বিভিন্ন বিষয়ে আলোচনার মাঝে, এই ছবি নিয়েও আশার আলো দেখালেন অভিনেতা-প্রযোজক।
নতুন ছবির গল্প নিয়ে এখনই মুখ না খুললেও, আমির জানান যে, রাজকুমার চিত্রনাট্য তৈরির কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক এগোলে, পরবর্তী পদক্ষেপ করা সম্ভব হবে।
ছবির প্রথম ভাগে আমির ছাড়াও ছিলেন, আর মাধবন, শরমন জোশী, করীনা কপূর-সহ আরও অনেকে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জীবন, প্রাতিষ্ঠানিক চাপ এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার লড়াই— এই সব কিছু নিয়েই তৈরি হয়েছিল ছবির গল্প। বক্সঅফিসেও বিপুল আয় করে ছবিটি।
এই ছবির সাফল্যের পর ২০১৪ সালে, ‘পিকে’ ছবিতে ফের একসঙ্গে কাজ করেছিলেন আমির ও রাজকুমার। সেই ছবিও বাণিজ্যিক ভাবে সফল। ‘থ্রি ইডিয়ট্স’-এর সিক্যুয়েল বাস্তবায়িত হলে, আবার একসঙ্গে কাজ করবে এই জুটি।
