সৌদিতে নিহত কুমিল্লার নাসরুল্লাহর পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মাওলানা নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নাসরুল্লাহর এতিম তিন সন্তানের জন্য ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
রোববার (১৮ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁরা গিয়েছিলেন। এ সময় তাঁর তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
উল্লেখ্য, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী মাওলানা নাসরুল্লাহ বদরপুরি। পবিত্র মক্কায় পৌঁছানোর আগেই গত ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর মৃত্যু হয়। ইহরামরত অবস্থায় তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের ওলামাবাড়ির বাসিন্দা ছিলেন। তাঁর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম। চার ভাই ও তিন বোনের মধ্যে নাসরুল্লাহ ছিলেন তৃতীয়।
তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার ছিল।
The post সৌদিতে নিহত কুমিল্লার নাসরুল্লাহর পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ appeared first on Rising Cumilla.
